ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আন্দোলনকারীরা আবারও কঠোর অবস্থান নিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ভোলার পরানগঞ্জ বিশ্বরোড এলাকায় তারা ভোলা রুট ব্যবহার করে অন্য জেলায় যাতায়াত করা সব ধরনের যানবাহন থামিয়ে দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর জন্য দাবি জানানো হলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়েই তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছেন। দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে তারা দূরপাল্লা ও আঞ্চলিক রুটের গাড়িগুলোর চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি আরও জোরদার করা হবে। তারা দ্রুত ভোলা-বরিশাল সেতুর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।


