চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৩ মে) রাত ১২:৪০ মিনিটে সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে মাদক মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জয়নাল টুলুর বাড়িতে অভিযান চালায় র্যাব। তল্লাশিকালে তার বাড়ির গোয়ালঘর থেকে একটি বস্তার ভেতরে লুকানো অবস্থায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জয়নাল টুলু ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও মাদক নির্মূলে তাদের এই নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ তাদের হস্তান্তর করা হয়েছে।


