চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। সোমবার (১১ মে, ২০২৬) সন্ধ্যা ৬টার সময় উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কিরণগঞ্জ বিওপির নায়েক মোঃ আব্দুল মান্নান গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, জমিনপুর গ্রাম দিয়ে অবৈধ মাদক পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় ‘Kuf Relief’ (ফেন্সিডিলের বিকল্প) সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকগুলো সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৯ বিজিবির (মহানন্দা ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


