চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১২ মে, ২০২৬) দিবাগত রাত ১২:৪৫ মিনিটে সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জহরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জিরো লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় মাঠপাড়া গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ০৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি চলতি মে মাসে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ পর্যন্ত মোট ১২টি গরু জব্দ করেছে। উদ্ধারকৃত এসব গবাদিপশুর সম্মিলিত বাজার মূল্য প্রায় ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান:
”সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু চোরাচালান বাড়ার সম্ভাবনা থাকে, যা প্রতিরোধে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। বিশেষ করে সীমান্তের দুর্গম এলাকা ও নদী পথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”


