সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ

মোঃ ফুহাদ আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ব্যাটালিয়নের চারটি বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনে হাকিমপুর বিওপি কর্তৃক সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি কর্তৃক কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি কর্তৃক চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি কর্তৃক নিশিপাড়া গ্রাম থেকে ১টিসহ মোট ৪টি গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। পরে নিয়ম অনুযায়ী গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

ব্যাটালিয়ন সদর দপ্তর জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১৬টি গরু জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান বৃদ্ধির সম্ভাবনা থাকায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ পথে গবাদিপশু প্রবেশ করতে না পারে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা