চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরকালে ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (২ মে) মধ্যরাতে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্ণফুলী নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ১২টার দিকে অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন সাম্পান বোট তল্লাশি করা হয়। এসময় বোটটি থেকে প্রায় ৬৯ হাজার টাকা মূল্যের ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ডিজেল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


