মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি তেল সংকটের আশঙ্কা তৈরি হলেও দেশে মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জ্বালানি, ও খনিজ সম্পদ বিভাগ। তবে গুজব ও আতঙ্কের কারণে অনেকেই অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করছেন।
এ প্রেক্ষাপটে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব প্রতিরোধে একাধিক পেট্রোলপাম্প ও তেলের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিদিন উপজেলার বিভিন্ন পেট্রোলপাম্প ও তেলের দোকান পরিদর্শন করা হচ্ছে।
অভিযানকালে পেট্রল, অকটেন ও ডিজেলের মজুত, চাহিদা এবং সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোকে নির্ধারিত মূল্যের বেশি দামে জ্বালানি বিক্রি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ক্রেতাদেরও অতিরিক্ত তেল মজুত না করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ভবিষ্যতে জ্বালানি সংকট বাড়তে পারে এই আশঙ্কায় অনেকেই আগাম তেল কিনে রাখছেন। তবে সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পাম্পগুলোতে তেল বিক্রি হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
নিয়মিত এই অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এই উদ্যোগের প্রশংসা করা হচ্ছে।
এ বিষয়ে মাসুম বিল্লাহ বলেন, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে উপজেলার ঘাঘর বাজারসহ আশপাশের কিছু এলাকায় পেট্রোলপাম্প বন্ধ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোর মজুত ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক জানান, সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ ও বিক্রি করা হচ্ছে। তবে গুজব ছড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছেন।
এসব অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


