সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল দাবির শুনানি ষষ্ঠ দিনে

ডিসিভি নিউজ ডেস্ক:

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আবেদনের ওপর আপিল বিভাগে ষষ্ঠ দিনের মতো শুনানি চলছে।রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। এর আগে গত ২১ অক্টোবর থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে এ আপিলের শুনানি শুরু হয়। এরপর টানা পাঁচ দফায় ২২, ২৩, ২৮ ও ২৯ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করতে ১৯৯৬ সালে জাতীয় সংসদে পাস হয় ত্রয়োদশ সংশোধনী। তবে ১৯৯৮ সালে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন হাইকোর্টে রিট দায়ের করেন।

২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রিট খারিজ করে দেন। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধান থেকে বিলোপ হয়।

পরবর্তীতে একই বছর ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যেখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ৩ জুলাই প্রকাশিত হয় এ সংক্রান্ত গেজেট।

তবে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট এ রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক। অন্যরা হলেন, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর এক ব্যক্তি পৃথকভাবে একই বিষয়ে পুনর্বিবেচনার আবেদন করেছেন।

বর্তমানে এসব আবেদন একসঙ্গে শুনানি চলছে আপিল বিভাগে। শুনানিতে আবেদনকারীরা বলছেন, ২০১১ সালের রায় দিয়েই দেশে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয়েছে তাই জাতীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল জরুরি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা