রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ‘শান্তি চুক্তি’ ভেঙে আবারও ঢাকার দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন এলাকায় উভয় পক্ষের শিক্ষার্থীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দফায় উত্তেজনার সূচনা হয়।
পুলিশ জানায়, হঠাৎ করে ঢাকা কলেজের আট দশজন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ সময় আইডিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে থানায় নেওয়া হলেও তার পরীক্ষার বিষয় বিবেচনায় পুলিশ তাকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
তবে কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। সায়েন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা চালালে ঢাকার কলেজের কয়েকজন আহত হয়। বিষয়টি ছড়িয়ে পড়তেই দেড় শতাধিক ঢাকা কলেজ শিক্ষার্থী লাঠি ও স্ট্যাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে গিয়ে অবস্থান নেয় এবং উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ অন্তত দুটি সাউন্ড গ্রেনেড এবং পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল রোড এলাকায় অবস্থান করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


