প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে মন্ত্রণালয় পুনর্গঠন, নতুন থানা স্থাপন, জেলা ক্যাটাগরি উন্নীতকরণসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
এর আগে সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান, বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম Ministry of Women and Children Affairs (MoWCA) অপরিবর্তিত থাকবে।
এছাড়া ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একত্রিত করে নতুন করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।
পরিবেশগত গুরুত্ব, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এছাড়া চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো, গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর থানা,
নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ থানা,কক্সবাজার জেলায় মাতারবাড়ী থানা, নরসিংদী জেলার রায়পুরা, উপজেলাকে বিভক্ত করে একটি নতুন থানা, একই সঙ্গে ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।


