সর্বশেষ

গেজেট আকারে প্রকাশিত ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’

ডিসিভি নিউজ ডেস্ক:

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সংশ্লিষ্ট জনবলের নিয়োগ, বেতন-ভাতা, ছুটি এবং কল্যাণমূলক সুবিধা নির্ধারণ করে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি (সোমবার) নীতিমালাটি প্রকাশিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, মসজিদে কর্মরত কোনো ব্যক্তি চাকরি সংক্রান্ত বিষয়ে সংক্ষুব্ধ হলে ৩০ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।

এছাড়া নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে তা নিরসনের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।নীতিমালায় মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে নারীদের জন্য শরিয়তসম্মতভাবে পৃথক নামাজের স্থান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।মসজিদ ব্যবস্থাপনা কমিটির আকার ১৫ সদস্যবিশিষ্ট করা হয়েছে। তবে মসজিদের আয়, আয়তন ও অবস্থান বিবেচনায় সদস্য সংখ্যা কম-বেশি করার সুযোগ রাখা হয়েছে।

মসজিদে কর্মরত জনবল প্রতি মাসে কমিটির অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ চার দিন সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পঞ্জিকাবর্ষে ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি ১২ দিনে এক দিন অর্জিত ছুটির বিধান রাখা হয়েছে।

মসজিদের কোনো পদে নিয়োগের জন্য সাত সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ ছাড়া সরাসরি নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগপত্রে বেতন-ভাতা, দায়িত্ব ও চাকরি সংক্রান্ত অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নীতিমালায় বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে, সিনিয়র পেশ ইমাম (৫ম), পেশ ইমাম (৬ষ্ঠ), ইমাম (৯ম), প্রধান মুয়াজ্জিন (১০ম), মুয়াজ্জিন (১১তম), প্রধান খাদেম (১৫তম) এবং খাদেম (১৬তম গ্রেড)।

খতিবের বেতন চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্ধারিত হবে। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী বেতন নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নীতিমালায় মসজিদে কর্মরত জনবলের প্রয়োজন অনুযায়ী সপরিবারে আবাসনের ব্যবস্থা, মাসিক সঞ্চয় এবং চাকরি শেষে এককালীন সম্মানী প্রদানের বিধান রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা