আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে তার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে নির্বাচন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তবে এসব কর্মকাণ্ডের ফলে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে না।
তিনি বলেন, “দেশ অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। তাদের যদি সাহস থাকতো, তাহলে তারা দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলতো। যেহেতু সেই সাহস নেই, তাই পালিয়ে থেকে বক্তব্য দিচ্ছে। তারা সবাই আইনের আওতায় রয়েছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদী যেসব গোষ্ঠী দেশে সক্রিয় ছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। “আমরা অনুরোধ করবো, যেসব দেশ এসব ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে, তারা যেন তাদের বাংলাদেশে ফিরিয়ে দেয়,” বলেন তিনি।
তিনি দাবি করেন, বর্তমানে দেশে এসব গোষ্ঠীর কার্যকর কোনো সমর্থন নেই। তাদের যেসব সমর্থক ও সন্ত্রাসী ছিল, তারাও বিভিন্ন দেশে পালিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কাশিমপুর কারাগারে জায়গা সংকটের কারণে কেরানীগঞ্জে নতুন একটি কারাগার নির্মাণের বিষয়টি সরকার বিবেচনা করছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং এতে কোনো ধরনের অনিয়ম হয়নি।


