দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অল্প কয়েকজন মানুষের কথাবার্তা নিয়ন্ত্রণ করতেও সময় লাগে, সেখানে পুরো দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ নয়।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা প্রায়ই বলেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে দেখুন, কয়েকজন সাংবাদিকের কথা বলাটাই থামাতে সময় লাগে। সেখানে ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা যে কতটা কঠিন, তা সহজেই বোঝা যায়।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে যে মাত্রার স্বাধীনতা রয়েছে, তা অতীতে দেখা যায়নি। ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, কেউ এমন চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন।
তিনি আরও বলেন, আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ পরিবর্তিত হয়েছে এবং গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করতে পারছে।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


