ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে মোবাইল ফোন ব্যবহার ও বহনে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মৌখিকভাবে এ তথ্য জানান। তিনি বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে এসেছে। এ বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।”
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা জারি করা হয়। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি সদস্য ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে পারবেন না।
নিষেধাজ্ঞাটি ঘোষণার পর বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে। ইসি সচিব জানান, সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী ভোটের দিন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহারে আর নিষেধাজ্ঞা থাকছে না। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিগগিরই বিষয়টি স্পষ্ট করা হবে।


