সর্বশেষ

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে ভোলায় যৌথ বাহিনীর চেকপোস্ট

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ভোলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় জোরদার তৎপরতা চালাচ্ছে যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে আজ বিকাল ৪টার দিকে ভোলা সদর উপজেলার ভোলা সরকারি স্কুল সংলগ্ন পানবাজার মোড়ে একটি যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।
উল্লেখ্য, পানবাজার মোড়টি ভোলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা শহরে প্রবেশের প্রধান সড়ক হওয়ায় এ স্থানে কৌশলগতভাবে চেকপোস্ট বসানো হয়। লঞ্চঘাট থেকে আগত যাত্রীদের তল্লাশি, যানবাহন তদারকি এবং সন্দেহভাজন ব্যক্তি ও মালামাল যাচাই-বাছাই করা হয়।
চেকপোস্ট পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করেন।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‍্যাবের ভোলা ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো কেন্দ্র বা এলাকায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত বাহিনীগুলো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে।
নির্বাচন ঘিরে ভোলাজুড়ে এ ধরনের তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা