শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ফিরোজ সিকদার।
নিহত মোঃ ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মোঃ এয়াকুবের ছেলে। স্থানীয়রা জানান, ‘সোমবার সকালে পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় মোঃ ফিরোজ তার নিজের কাকরোল ক্ষেতে ফুল লাগাচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান।’
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘বজ্রপাতে মৃত ওই কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বজ্রপাত দেখে বা ভয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা নিহত কৃষক ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।’


