সর্বশেষ

সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক : স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে একে অপরকে দোষারোপ না করে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।”

সোমবার (১২ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত দেশের প্রথম সিভিল সার্জন কনফারেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “সবার সাথে দেখা সাক্ষাৎ হলে অনেক জিনিসই সমাধান হয়ে যায়। অনেক প্রশ্নের উত্তর মেলে। আশা করি, এই সম্মেলনের মাধ্যমে অনেক সুফল পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রায়ই স্বাস্থ্য খাত নিয়ে একে অপরকে দোষারোপ করি। কিন্তু দোষারোপ করে সমাধান সম্ভব নয়। আমাদের মধ্যে ঘাটতি রয়েছে তা নিয়ে আত্মসমালোচনা করতে হবে এবং সমস্যার সমাধানে কাজ করতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতার মধ্যেও ভালো কিছু করা সম্ভব। অন্তবর্তী সরকার তার নির্ধারিত সীমারেখার মধ্যেই কাজ করছে।”স্বাস্থ্য সেবায় কাঠামোগত বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই। তাই এর উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে হবে।”

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে জেলা পর্যায়ের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে সমস্যা ও করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার উদ্যোগ নিয়েছেন নীতিনির্ধারকেরা। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা