নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ এ দাবি জানান।
আবু হানিফ তার পোস্টে বলেন, “জি এম কাদের ও মজিবুল হক চুন্নুর নামে জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলা রয়েছে। তারা মামলার আসামি হয়েও কিভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে এটা বিস্ময়ের বিষয়। তারা নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তিনি আরও বলেন, “যারা গণহত্যার মামলার আসামি, তাদের প্রকাশ্যে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে সরকার দায় এড়াতে পারে না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সরকার যদি ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে পরিস্থিতি অবনতির দায়ও সরকারকে নিতে হবে।”
আবু হানিফ আরও অভিযোগ করেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। গুম, খুন, দমন-পীড়নের মাধ্যমে ভিন্নমতের কণ্ঠরোধ করেছে। এই অপরাধে জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।”
উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে বিবৃতি-পাল্টা বিবৃতি চলছে। এই প্রেক্ষাপটে আবু হানিফের এই মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।


