সর্বশেষ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফয়সাল মুনতাসির (২০) নামে এক যুবক। শুক্রবার (১৭ মে) রাত আনুমানিক ২টার দিকে হাটহাজারী পৌরসভার মীরেরহাট বাজার সংলগ্ন বড়ুয়াপাড়ার দক্ষিণ পাশের বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বন্ধুর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এই স্থানে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফয়সাল মুনতাসির।

নিহত ফয়সাল হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলী বাড়ির ইউএই প্রবাসী কামাল উদ্দিনের ছোট সন্তান। এ ঘটনায় ফয়সালের দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিভাবান এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুবান্ধব ও এলাকাবাসী শোক প্রকাশ করছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে এবং ট্রাক ও চালককে শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এদিকে, স্থানীয়রা বলছেন, মীরেরহাট বড়ুয়াপাড়া অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত। দ্রুত ব্যবস্থা না নিলে এমন মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা