এস এম আরজু, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়ে গেল পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “পাইওনিয়ার মেধাবৃত্তি-২০২৪” এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শিক্ষানুরাগী সংবর্ধনা ২০২৫। শনিবার (১৭ মে) বিকাল ৩ ঘটিকায় বর্ণাঢ্য এই আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
উপাধ্যক্ষ কনিকা সুলতানা ও সাবরিনা সুলতানা-র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন জনাব সোহেল আক্তার খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন, আর শুভ উদ্বোধন করেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ এম.এন হুছাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), অধ্যক্ষ কাজী আবদুর রহমান, আলহাজ্ব ডা. জাফর আলী, এম.এন জলিল, জনাব আমজাদ হোসেন, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, চাইল্ড ফেয়ার একাডেমি অ্যান্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীগণ।
আলোচনায় বক্তাগণ বলেন, পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি দক্ষ ও শিক্ষিত জনশক্তি তৈরিতে ফাউন্ডেশনটির কার্যক্রম প্রশংসনীয়। সরকারি সহযোগিতা পেলে তারা তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃতভাবে কাজ করতে সক্ষম হবে বলে মত দেন বক্তারা।
আলোচনা শেষে শিক্ষানুরাগী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী ভাষণ দেন সভাপতি জনাব সোহেল আক্তার খান, যিনি সকল অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


