নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাতরশিয়া গ্রামে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই এলাকার গরু-ছাগল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। এর ফলে দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। আজ সকালে একটি ছাগল তাড়াতে গিয়ে বিএসএফের এক সদস্য অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকে পড়ে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রাখে।
ঘটনার বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন বলেন, “ছাগল তাড়ানোর সময় বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। তখন গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং বেঁধে রাখে।”
পরবর্তীতে খবর পেয়ে ৫৩ বিজিবির জহুরপুর বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান।বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক জানান, “ঘটনার বিষয়ে আমাদের অধিনায়ক স্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।


