ইপসিতা জাহান সুমা, চুয়েট ক্যাম্পাস প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শিক্ষার্থীদের জন্য অনলাইন ছাড়পত্র (ক্লিয়ারেন্স) ব্যবস্থা চালু হয়েছে। আজ ৩০ জুন (সোমবার) এই নতুন পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সফটওয়্যারটি তৈরি ও বাস্তবায়নে অবদান রাখা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এতদিন শিক্ষার্থীদের ছাড়পত্রের জন্য ম্যানুয়াল ফরম পূরণ করতে হতো, যেখানে প্রায় ২০০ জনের স্বাক্ষর সংগ্রহের প্রয়োজন হতো। এজন্য শিক্ষার্থীদেরকে বারবার বিভাগ, আবাসিক হল, গ্রন্থাগারসহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। স্বাক্ষর প্রদানকারী কর্মকর্তা বা কর্মচারীদের অনুপস্থিতির কারণে প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে বিলম্বিত হতো, যা শিক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত।
নতুন চালুকৃত অনলাইন ছাড়পত্র ব্যবস্থায় এখন শিক্ষার্থীদের শুধু নিজ বিভাগ, নিজ আবাসিক হল এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে উপস্থিত হতে হবে। বাকি সকল দপ্তরের ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন হবে চুয়েটের আইআইসিটি কর্তৃক নির্মিত অনলাইন সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাখা তাদের পাওনা, অভিযোগ বা আর্থিক জরিমানার তথ্য নিজ নিজ পোর্টালে যুক্ত করতে পারবে।
শিক্ষার্থী নিজস্ব অনলাইন পোর্টালে লগইন করে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ, পাওনা বা জরিমানার বিস্তারিত দেখতে পারবে এবং তা নিষ্পত্তি করে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে, যদি কোনো অভিযোগ বা পাওনা বাকি না থাকে, তবে শিক্ষার্থী নিজ পোর্টাল থেকেই ছাড়পত্র সংগ্রহ করতে পারবে।
নতুন এই ব্যবস্থার ফলে চুয়েট ডিজিটাল ব্যবস্থাপনার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো। এতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ছাড়পত্রসংক্রান্ত ভোগান্তি অনেকটাই লাঘব হবে।


