জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকেই নানা অসঙ্গতি, প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা ও ভোটকেন্দ্র নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতারা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের দাবিগুলো আমলে না নেওয়ায় এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করায় আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।”
এ সময় তারা অভিযোগ করেন, ক্যাম্পাসে বিরোধী মতের শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয়নি।


