আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামের দুইটি সংসদীয় আসনে স্থাপিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
গতকাল তিনি চট্টগ্রাম-৬ আসনের অন্তর্গত রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম-২ আসনের অন্তর্গত ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক বেইজ ক্যাম্পে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি চট্টগ্রামের স্থানীয় সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় নির্বাচনী নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃবাহিনী সমন্বয়ের বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে আলোচনা হয়।
এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


