সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় আসছে আজ রাতেই

ডিসিবি নিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমান অন্তবর্তী সরকার এই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশনার অংশ হিসেবে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রথম দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবে। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত দেবেন কারা বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন।”

ডা. জাফর আরও জানান, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যেসব আহত রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, সরকার তাদের যথাযথ ব্যবস্থাপনায় বিদেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, “দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা প্রতিটি হাসপাতালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কাজ করছেন।”

আহতদের চিকিৎসায় কোনও গাফিলতি বা শৈথিল্য সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ৩০ জনেরও বেশি নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা