কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আবদুল্লা (১) ও জোসনা আকতার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ৩নং ওয়ার্ডে বড় মৌলভী বাড়ী পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে ও জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইলিয়াস ও তাঁর স্ত্রী কৈয়ারবিল ইউনিয়নে উত্তর কৈয়ারবিল এলাকায় শুটকি শুকানোর কাজে মজুরী হিসেবে কাজ করার জন্য আসে। আবদুল্লাহ ছোট হওয়ায় তার দেখা শুনা করার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনা আকতারকে নিয়ে আসে। শনিবার সকাল ৯টার দিকে বড় মৌলভী পুকুরে আবদুল্লাহ পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য জোসনা আকতার পানিতে নেমে পড়ে দুইজনে পানিতে ডুবে যায়।
পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, কৈয়ারবিল ইউনিয়নের তিন নং ওয়ার্ড এলাকায় দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


