বরিশাল : ভোলা-বরিশাল সেতুর দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরিশালস্থ ভোলার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তরা দ্বীপজেলার বাসিন্দাদের দূর্ভোগ লাঘবে দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য সরকারের কাছে আহবান জানান।
সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র কামরুল ইসলাম বলেন, দাবী শুধু একটাই-ভোলা বরিশাল সেতু চাই। আপনারা জানেন ৫৬লক্ষ কোটি টাকার খনিজ সম্পদ মজুদ রয়েছে ভোলাতে, আমাদের সেই সম্পদের অংশ দিয়ে আমরা ভোলা-বরিশালের সেতু চাই। আমাদের ভোলা থেকে শুধু নিয়ে যাওয়া হয় কিন্তু এর বিনিময়ে আমরা কিছু পাই না।

আয়েশা সিদ্দিকা নামে আরেক শিক্ষার্থী বলেন, সন্ধ্যার পরে ভোলা-বরিশালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, চাইলেই আমরা একটা রোগী সময়তো বরিশাল কিংবা ঢাকায় নিতে পারিনা। ফলে অনেক মানুষকে চিকিৎসার অভাবে প্রাণ দিতে হয়েছে। এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে আমরা ভোলা-বরিশাল সেতু চাই।


