প্রবাসে বসবাসরত নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে ভোট প্রদানের সুযোগ পাবেন।
সম্প্রতি কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সিইসি এ সময় বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক চিত্র, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং প্রবাসীদের ভোট প্রদানের পদ্ধতি তুলে ধরেন। তিনি প্রবাসীদের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
টরন্টোতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসীরা আলোচনায় অংশ নিয়ে সিইসির সঙ্গে মুক্ত প্রশ্নোত্তরে যুক্ত হন।
সভায় উপস্থিত প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারকে কানাডা সফরে এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে এ উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন।


