সর্বশেষ

ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ডিসিবি নিউজ ডেস্ক:

জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, জনগণ নির্বাচনমুখী হলে তা ঠেকানোর শক্তি কারও নেই।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। তার ঘোষিত মাসেই নির্বাচন হবে। এ বিষয়ে কে কী বলল তা নিয়ে চিন্তার কিছু নেই। জনগণই ক্ষমতার মূল উৎস।”

সবজির বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, টানা বৃষ্টির কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। প্রচুর আলু মজুত থাকা সত্ত্বেও পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছাতে দাম বাড়ছে। এতে কৃষক সঠিক দাম পাচ্ছেন না, বরং মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছেন।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, “যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

পলিথিন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, “পলিথিন মাটি ও পানি নষ্ট করছে। পাটের ব্যাগ ব্যবহার করলে কৃষক উপকৃত হবেন, একই সঙ্গে পরিবেশও সুরক্ষিত থাকবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা