সর্বশেষ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসিভি নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ধারাবাহিকভাবে উন্নতির দিকে যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই উন্নতি করছে। তবে নির্বাচন ঘনিয়ে এলে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল, বিক্ষোভ ও সভা-সমিতির সংখ্যা বাড়বে এটা স্বাভাবিক।”

তিনি আরও জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ছিল। তবে গত দেড় বছরের কাজ ও সমন্বিত উদ্যোগে পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য দেশে অপরাধের হার দেখে অভ্যন্তরীণ নিরাপত্তা ক্রান্তিকাল অতিক্রম করছে কি না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের ব্যক্তিগত মন্তব্য। তিনি কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলেন, তা আমি জানি না। আর না জানলে এ বিষয়ে মন্তব্য করতে পারবো না।”

সভার শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শান্তিপূর্ণ নির্বাচন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব সংস্থা সমন্বিতভাবে প্রস্তুত রয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা