সর্বশেষ

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ডিসিভি নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা ১৫ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ মিলগেট এলাকার একটি তুলার গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন, তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা