সর্বশেষ

সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সংবিধান ও বিচার বিভাগ সংস্কার এবং সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়। দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর ঘোষণা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রথম অধিবেশনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মহাসমাবেশ মূলত তিনটি প্রধান দাবি সামনে রেখে আয়োজন করা হয়েছে :

১. সংবিধান সংস্কার

২. বিচার বিভাগ সংস্কার

৩. সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন

দলটির নেতারা বলেন, বর্তমান ভোটব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। একমাত্র সংখ্যানুপাতিক পদ্ধতিই সকল দলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। তারা একমত পোষণ করেন যে, গণতন্ত্রকে টেকসই করতে এবং সকল নাগরিকের ভোটের মূল্য নিশ্চিত করতে বর্তমান নির্বাচন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা আরও জানান, নির্বাচন ব্যবস্থার সংস্কার না হলে জনগণের আস্থা ফিরবে না এবং রাজনৈতিক সংকটও কাটবে না।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা