সর্বশেষ

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ৭ জুন, টানা ১০ দিনের ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক : বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন, শনিবার দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে এবং ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন শনিবার, বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে।

এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় যে, মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন, বৃহস্পতিবার।

টানা ১০ দিনের ছুটি :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে কর্মজীবীদের সুবিধার্থে সরকার শর্তসাপেক্ষে ১০ দিনের টানা ছুটি ঘোষণা করেছে। এ জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুই দিনের ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো খোলা রাখা হয়েছে। ফলে ঈদের আগে-পরে সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিনের টানা ছুটি ভোগ করবেন কর্মজীবীরা, যা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বিস্তৃত।

ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতি শুরু :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। কোরবানির পশুর হাটগুলোতে এরই মধ্যে ক্রেতা-বিক্রেতার ভিড় বাড়ছে। ঈদযাত্রায় নিরাপত্তা ও যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা