সর্বশেষ

জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন শুরু

ডিসিভি নিউজ ডেস্ক:

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ মঙ্গলবার শুরু হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কয়েকজন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানও।

নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে শুরু হওয়া এই সম্মেলনের মূল লক্ষ্য রোহিঙ্গা সংকট বিষয়ে বৈশ্বিক রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, পরিস্থিতি পর্যালোচনা এবং সংকটের মূল কারণ চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অগ্রাধিকার দেওয়া হয়েছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) প্রতিনিধিত্ব করছে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) প্রতিনিধিত্ব করছে কুয়েত।

এর আগে সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকগুলোতে রাখাইন রাজ্যের গৃহযুদ্ধ পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথনকশা, শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয় গুরুত্ব পেয়েছে।

সম্মেলনে মিয়ানমারের বর্তমান বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সার্বিক, সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়নের ওপরও আলোচনা হবে বলে জানা গেছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা