রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অন্তত ২৭ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, “আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক ঘটনায় গভীরভাবে মর্মাহত। যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা ও মানসিক বিকাশের জায়গা, সেখানে এমন অভিজ্ঞতা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি বিএনপি নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষকে এই দুঃসময়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতে হবে।” জানা যায়, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজের ক্যান্টিন ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় কলেজ ছুটি হচ্ছিল বলে জানান প্রতিষ্ঠানটির এক প্রভাষক রেজাউল ইসলাম। তিনি বলেন, “প্রশিক্ষণ যুদ্ধবিমানটি সরাসরি জুনিয়র সেকশনের ভবনে আঘাত হানে। গেটে গর্ত হয়ে আগুন ধরে যায়।”
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনীও যুক্ত হয়েছে। ইতোমধ্যে গুরুতর আহত ২৭ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনের নিচতলায় আগুনে জ্বলছে বিমানের ইঞ্জিন ফায়ার সার্ভিস সদস্যরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। সরকার ইতোমধ্যে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।


