সর্বশেষ

পবিত্র ঈদুল আজহায় ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে আগামী ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন বিক্রি হবে ৩১ মে তারিখের টিকিট এবং এই কার্যক্রম চলবে ৬ জুন পর্যন্ত। আজ সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থা হিসেবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু থাকবে। কোরবানির পশু পরিবহনের জন্য ২ ও ৩ জুন চালানো হবে তিনটি বিশেষ মালবাহী ট্রেন।

এবারও ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন এবং এসব টিকিট ফেরত নেওয়া যাবে না।

ট্রেন চলাচলের দিন যাত্রী চাহিদার কথা বিবেচনা করে অতিরিক্ত ২৫ শতাংশ আসনের জন্য দাঁড়িয়ে ভ্রমণের টিকিট বিক্রি করা হবে, তবে এই টিকিটগুলো শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে। ঈদযাত্রাকে নিরাপদ, সুষ্ঠু ও সময়মতো নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা