ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের দিকে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ লোকসভার বিরোধীদলীয় অন্তত ৩০ জন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নির্বাচনী তালিকা সংশোধনের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিরোধীদলীয় সংসদ সদস্যরা পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল করছিলেন। পথে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রগতি থামিয়ে দেয়।
চোখে পড়ার মতো দৃশ্য ছিল আটকানোর পর কয়েকজন এমপি রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন। এসময় কংগ্রেসের শীর্ষ দুই নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে পুলিশ।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন কমিশন কেবল ৩০ জন এমপিকে তাদের কার্যালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা অনুমোদিত সীমার বেশি হওয়ায় নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।
ঘটনার সময় এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। বিরোধী দলগুলোর দাবি, সরকার নির্বাচনী তালিকা সংশোধনের নামে ভোটারদের বঞ্চিত করার পরিকল্পনা করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।


