সর্বশেষ

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত, পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ডিসিভি নিউজ ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের কোনো কর্মক্ষম সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।”

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।উপদেষ্টা আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি নির্মাণ অংশের বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারী এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রক্ষণাবেক্ষণ কাজের সময় বিয়ারিং প্যাডটি খুলে পড়ে যায়। তবে প্রকৃত কারণ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা