ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলি ও হামলার সঙ্গে জড়িতদের বিচারের প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ যাদের গুলিতে আমাদের ভাই-বোন শহীদ হয়েছেন, তাদের বিচার আমরা নিশ্চিত করবো। বিচার, সংস্কার, তারপর নির্বাচন এই হবে আমাদের লক্ষ্য।”
শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই আন্দোলনের বিচার দীর্ঘপ্রক্রিয়া হলেও শুরুটা করতেই হবে এবং সেটাকে দৃশ্যমান করতে হবে। একটি স্পষ্ট বিচারিক রোডম্যাপ তৈরি করে শহীদ ও আহত পরিবারের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব শুধু বর্তমান সরকারের নয়, ভবিষ্যতের সরকারগুলোকেও তা বহন করতে হবে।”
তিনি ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “এটাই দেশের সংস্কার ও ন্যায়বিচারের মূল ভিত্তি হবে।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় নেতা সারজিস আলম। বর্ষপূর্তিতে এনসিপি ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।


