সর্বশেষ

মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার পার্ক হ্যান্ডব্যাগ

মোঃ নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইইজেড) ৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। এ বিনিয়োগের মাধ্যমে প্রায় ১০ হাজার ৯৬০ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বেপজার পক্ষে সই করেন নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন এবং পার্ক হ্যান্ডব্যাগের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মি. বোমজুন পার্ক। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

চুক্তি অনুযায়ী, বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমিতে একটি আধুনিক শিল্পকারখানা স্থাপন করবে পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। কারখানাটিতে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক ও লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য যেমন পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে।

প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিপুল সংখ্যক স্থানীয় শ্রমিক শিল্পখাতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখানে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এর ফলে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহায়তা দিতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বেপজার অধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের উন্নত ও দ্রুত সেবা দিতে বেপজা ধারাবাহিকভাবে সেবা ব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে। প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ ধরে রাখতে বেপজাকে আগের চেয়ে আরও ভালো করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান মি. বোমজুন পার্ক বলেন, এই কারখানায় কোচ (Coach) ও কেট স্পেড (Kate Spade)-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় ও প্রতিযোগিতামূলক উৎপাদন গন্তব্য এবং বেপজার দ্রুত, সহজ ও বিনিয়োগবান্ধব সেবা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের প্রতিনিধিরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা