সর্বশেষ

চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে এনসিপি’র বৈঠক : ব্যবসা উন্নয়নে নতুন প্রতিশ্রুতি

এস এম আরজু, চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে এক গোলটেবিল বৈঠক করেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা এবং সঞ্চালনায় ছিলেন দলের প্রতিনিধি মন্সুর আজম ও মাহাবুব আলম।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ইমন সৈয়দ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য রুহুল আমিন।

বৈঠকে ব্যবসায়ীরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু এবং কার্গো বিমান পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া, শিপিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার গত ১৬ বছরে আইসিটি খাতে বরাদ্দকৃত ১৬ হাজার কোটি টাকা নয়ছয় করেছে। তারা ঋণ খেলাপি ব্যবসায়ীদের সাথে দূরত্ব বজায় রাখতে এনসিপিকে আহ্বান জানান এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের দাবি তোলেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসান আলী বলেন, “ব্যবসায়ীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
সাগুপ্তা বুশরা মিশমা বলেন, “দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।” দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা ব্যবসায়িক অগ্রগতির অন্তরায়। দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। এনসিপি সে লক্ষ্যে কাজ করবে।”

তিনি আরও বলেন, “দেশীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী সংগঠনের পাশে থেকে ব্যবসায় পরিবেশ উন্নত করা সম্ভব। এনসিপি সেসব সংগঠনের পাশে থাকার আহ্বান জানাচ্ছে।”

এই বৈঠকের মাধ্যমে এনসিপি ব্যবসায়ীদের সমস্যা ও প্রস্তাবনায় আন্তরিকভাবে সাড়া দেওয়ার আশ্বাস দিয়েছে, যা আগামী দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা