সর্বশেষ

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চুয়েটে অনুষ্ঠিত অটোমোবাইল কর্মশালা “Dive Into Automobile 3.0”

ইপসিতা জাহান সুমা, চুয়েট ক্যাম্পাস প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটি (CAMS)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সময়োপযোগী অটোমোবাইল বিষয়ক কর্মশালা “Dive Into Automobile 3.0”। শুক্রবার, ২৭ জুন আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

তৃতীয়বারের মতো আয়োজিত এ কর্মশালায় আধুনিক অটোমোবাইল সিস্টেম, বৈদ্যুতিক যানবাহন (EVs), সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কারিগরি বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় চুয়েটের শিক্ষকদের পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান থেকে আগত বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন।

কর্মশালার সূচনায় যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক প্রতীক চন্দ্র ঘোষ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এর মূল ধারণা তুলে ধরেন। এরপর অধ্যাপক ড. মোঃ আবু মোয়াজ্জেম হোসেন, প্রভাষক আবদুল্লাহ আল রিফাত এবং সহকারী অধ্যাপক তাফসিরুল হাসান পর্যায়ক্রমে যানবাহনের ট্রান্সমিশন সিস্টেম, নকশা ও ডায়নামিকস এবং বায়ো-ফুয়েল প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা করেন।

শিল্পপ্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন আফতাব অটোমোবিলসের সিনিয়র ব্যবস্থাপক শাহেদ খান, পি অ্যান্ড এ মোটরসের সিইও অমিত দাস এবং পিএইচপি ফ্যামিলির সিনিয়র ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। তারা বর্তমান শিল্পের চাহিদা, ইভি প্রযুক্তির বাস্তবায়ন, কর্পোরেট যোগাযোগ এবং সরবরাহ ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

ক্যামস-এর প্রধান উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি শিল্প জগতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে প্রতিবছরই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়। এবারে তিনটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞদের যুক্ত করে শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবভিত্তিক পরিবেশ তৈরি করা হয়েছে।”

কর্মশালার সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদমান ওয়াসিফ তানিম জানান, “এবারের কর্মশালায় আমরা পূর্ববর্তী আয়োজন থেকে কিছুটা ভিন্নতা এনেছি। শুধু তাত্ত্বিক নয়, শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে চেষ্টা করেছি। এছাড়া, কর্মশালার শেষে একটি মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে দক্ষ শিক্ষার্থীদের আমাদের প্রকল্প ‘বিজয় ৭১’-এ যুক্ত করা হবে।”

উল্লেখ্য, CAMS-এর এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে অটোমোবাইল খাতে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা