নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। বাকিদের মাইজদী হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা দুইটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই এ প্রাণহানির মূল কারণ।


