” নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালি, আলোচনা সভা ও
“অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,
বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের নারীরা উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা নাজমা বিনতে আমিন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস,জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,জেলা পুলিশ কন্ট্রোলরুমের ইনচার্জ শফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক,সহ শ্রেষ্ঠ অদম্য নারীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশ তথা নারীদের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন বেগম রোকেয়া।
এ সময় তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করেন তারা।
অনুষ্ঠানে সরকারি -বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে
চারজন শ্রেষ্ঠ অদম্য নারীকে ” অদম্য নারী পুরষ্কার” শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।


