‘পর্যটন ও টেকসই রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের মিনি কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “বাংলাদেশের পাহাড়, নদী, হাওর-বিল ও সমুদ্রসহ নানা স্থানে লুকিয়ে আছে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য। এসবকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে মিডিয়াকে এগিয়ে আসতে হবে।”
চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এখানে পাহাড়, সমতল, নদী ও সমুদ্রের অপূর্ব সম্মিলন ঘটেছে। কিন্তু চট্টগ্রামকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার তেমন উদ্যোগ চোখে পড়ে না। হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য, আর্থিক লোকসান হলেও আমরা এটিকে বাঁচিয়ে রেখেছি।”
পর্যটন খাতকে জনপ্রিয় ও আকর্ষণীয় করতে গণমাধ্যমে বিশেষ কর্নার চালু করা এবং নিয়মিত ভ্রমণ ম্যাগাজিন প্রকাশের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের মতো দেশগুলো পর্যটন খাতকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করেছে। পরিকল্পিতভাবে আমাদের পর্যটন খাত উন্নত করা গেলে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিকে শক্তিশালী করতে পারবে।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হোটেলের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হাসানুল ইসলাম, রুম ডিভিশন ম্যানেজার এম. রায়হান কাইছার, হেড অব সেলস সঞ্জয় ভৌমিকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


