সর্বশেষ

অর্থপাচারের অভিযোগে জাবেদের ৩৪৩ সম্পত্তি জব্দ, বিক্রির প্রক্রিয়া শুরু

ডিসিভি নিউজ ডেস্ক:

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসনিক কর্তৃপক্ষ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানায়, জাবেদের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানির নিয়ন্ত্রণ ইতোমধ্যে প্রশাসকদের হাতে গেছে। এসব কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যে তার শত শত সম্পদ পরিচালিত হতো।

বাংলাদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হওয়ার পর যুক্তরাজ্যে তার সম্পদের ব্যাপকতার বিষয়টি সামনে আসে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট মিলিয়ে যুক্তরাজ্যে জাবেদের ৩৪৩টি সম্পত্তি রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থেই এসব সম্পদ কেনা হয়েছে। তবে জাবেদ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন, দাবি করছেন সব সম্পত্তি বৈধ অর্থে কেনা এবং অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গত জুনে জাবেদের বেশ কিছু সম্পদ জব্দ করে। এর মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১ কোটি ১০ লাখ পাউন্ডের একটি বিলাসবহুল বাড়ি ও মধ্য লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় একাধিক ফ্ল্যাট। এসব সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটন। বিক্রির অর্থ দিয়ে সিঙ্গাপুরের ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকসহ ঋণদাতাদের পাওনা পরিশোধ করা হবে।

যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের নথি অনুযায়ী, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)ও জাবেদের কাছে প্রায় ২৬ কোটি পাউন্ড সমপরিমাণ অর্থ পাবে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত ইউসিবির নিয়ন্ত্রণ জাবেদের পরিবারের হাতে ছিল। তার স্ত্রী রুকমিলা জামান ছিলেন ব্যাংকের চেয়ারম্যান। ওই ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দেশে দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে।

জাবেদ ও তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত।

টেলিগ্রাফ আরো জানায়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের যুক্তরাজ্যে বিপুল সম্পদের মালিকানা নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। জাবেদ নিজেই এক সময় বলেছিলেন, শেখ হাসিনা তাকে ‘ছেলের মতো’ স্নেহ করতেন।

এর আগে চলতি বছরের মে মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের যুক্তরাজ্যে থাকা মোট ৯ কোটি পাউন্ড (প্রায় ১,৪৭৬ কোটি টাকা) মূল্যের সম্পত্তি জব্দে নয়টি আদেশ জারি করেছিল এনসিএ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা