সর্বশেষ

ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতীয় অর্থনীতি, রেকর্ড সর্বনিম্নে রুপি

ডিসিভি নিউজ ডেস্ক:

ভারতের অর্থনীতি বড় ধাক্কা খেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের আঘাতে। নিজেদের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সংকুচিত হওয়ায় এর প্রভাব পড়ছে ভারতের মুদ্রা ও শেয়ারবাজারে।

গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আরও ছয় পয়সা কমে দাঁড়ায় ৮৮ দশমিক ১৬-তে। এর আগে সোমবার এক পর্যায়ে রুপি রেকর্ড সর্বনিম্ন ৮৮ দশমিক ৩৩-এ নেমে যায়, যদিও দিনের শেষে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৮৮ দশমিক ১০-এ স্থির হয়। বৈদেশিক তহবিলের ধারাবাহিক বহিঃপ্রবাহ ও ডলারের চাহিদা বৃদ্ধিকে এই পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন ফরেক্স ব্যবসায়ীরা।

সিআর ফরেক্স অ্যাডভাইজর্সের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবাড়ি বলেন, রুপির জন্য ৮৮ দশমিক ৫০ একটি বড় প্রতিরোধ সীমা এবং ৮৭ দশমিক ৫০ সমর্থন সীমা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা কাটতে না পারায় রুপির ঝুঁকি এখনো নিম্নমুখী।

বৈদেশিক বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজার থেকেও বড় অঙ্কের অর্থ তুলে নিচ্ছেন। গত তিন সেশনে বাজার থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়েছে। শুধু সোমবারই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১ হাজার ৪২৯ কোটি রুপির শেয়ার বিক্রি করেছেন।

তবে শেয়ারবাজারে মঙ্গলবার কিছুটা উত্থান দেখা গেছে। দিনের শুরুতে সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ৫৭১ দশমিক ৯৪ পয়েন্টে, আর নিফটি বেড়ে ২৪ হাজার ৬৮৫ দশমিক ৮৫-এ পৌঁছায়।এদিকে, আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৮৪-তে এবং ব্রেন্ট ক্রুডের দাম ০.৪৪ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৪৫ ডলার।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভারত সম্প্রতি মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তিনি একে ‘অনেক দেরিতে নেওয়া সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। সোমবার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “ওরা এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। বহু বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া কিছুই নয়।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা