জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে আম গাছের ডাল ভেঙ্গে পড়ে সজল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রবল ঝড়ে আটাপুর ইউনিয়নের উচাই কাঁচা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজল আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেন (লালবাবু)’র ছেলে ।
স্থানীয়দের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলামজানান, সকাল ৯টার হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে আসে। এর কিছুক্ষণ পর তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় কাঁচা বাজারে একটি টিনশেড ঘরে সজল আশ্রয় নেন।
এ অবস্থায় বিকট শব্দে একটি আম গাছের ডাল ওই টিনশেড ঘরের উপরে ভেঙ্গে পড়ে। এতে করে সজল ওই গাছের ডালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষনা করেন।
দুপুরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য শফিকুল ইসলাম।


