ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদেক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ।
সোমবার (১৮ আগস্ট) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তোলার পর সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত ঘোষণা করা হয়।
শিবিরের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।
প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জুলাইয়ে চোখ হারানো খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন,ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া।
ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে ভিপি, জিএস ও সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের প্রদত্ত নির্দিষ্ট সময়ে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।


