সর্বশেষ

রাজউক প্লট বরাদ্দে অনিয়ম মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

ডিসিভি নিউজ ডেস্ক:

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত।

সোমবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। এদিন মামলার শেষ সাক্ষী হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান।

মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন। এর আগে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মোঃ আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা